বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

|

আষাঢ় ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুরো জেলাকে এগিয়ে নেয়ার চিন্তা নারায়ণগঞ্জের সন্তান দিপুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৫, ২৫ জুন ২০২৬

পুরো জেলাকে এগিয়ে নেয়ার চিন্তা নারায়ণগঞ্জের সন্তান দিপুর

ফাইল ছবি

রূপগঞ্জের গণ্ডি পেরিয়ে পুরো নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে ভাবছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ব্যবসায়ী নেতা থেকে জনপ্রতিনিধি—দুই ভূমিকাতেই জেলার সামগ্রিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরব অবস্থানে রয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদে দেওয়া তার বক্তব্যেও উঠে এসেছে নারায়ণগঞ্জের উন্নয়ন, প্রশাসনিক মর্যাদা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং শিল্পখাতের বিভিন্ন বিষয়।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই জেলা শহর ও আশপাশের এলাকার নানা সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায় দিপু ভূঁইয়াকে। বিশেষ করে শহরের দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি আলোচনায় আসেন।

চেম্বারের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগ, ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এসব উদ্যোগে নগরবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

শুধু যানজট নয়, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলের সমস্যা তুলে ধরা এবং ডিএনডি এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনেও বিভিন্ন সময়ে সরব ভূমিকা পালন করেছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের প্রশ্ন তুলে ধরেন দিপু ভূঁইয়া। তিনি জাতীয় সংসদে বলেন, বাংলাদেশের জিডিপির ৭.৫ শতাংশ অবদান রাখে নারায়ণগঞ্জ। এরপরেও নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরির জেলা করে রেখেছে। আমি চাই অতিশিঘ্রই নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরির জেলাতে পরিনত করা হোক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটি করার দাবী জানাচ্ছি। নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল জোন। নারায়ণগঞ্জের ওপরে রপ্তানি নির্ভরশীল। ফতুল্লা স্টেডিয়ামটি বন্ধ হয়ে আছে। এটি শিঘ্রই চালু করার দাবী জানাচ্ছি।

তার এ বক্তব্যকে অনেকেই নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নের রূপরেখা হিসেবে দেখছেন। কারণ তিনি শুধু নিজের নির্বাচনী এলাকা রূপগঞ্জ নয়, পুরো জেলার প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্বের বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন।

পরিবেশ রক্ষার বিষয়েও সংসদে কথা বলেন দিপু ভূঁইয়া। জেলার শিল্পপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সহায়তা চেয়ে তিনি বলেন, জেলার অনেক শিল্প প্রতিষ্ঠানেই ইটিপি প্ল্যান্ট নেই। আমি আশা করবো ইটিপির জন্য সরকার যেন তাদের মিনিমাম রেটে লোন দেয় যেন তারা ইটিপি বসাতে পারে।

শিল্পায়নের পাশাপাশি পরিবেশ রক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হলে পরিবেশগত মান বজায় রাখা জরুরি। আর সে জন্য প্রয়োজন সরকারি সহায়তা ও সহজ শর্তে অর্থায়ন।

রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলছেন চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দিপু ভূঁইয়ার কর্মকাণ্ডে শুধু রূপগঞ্জ নয়, পুরো নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গুরুত্ব পেয়েছে। জাতীয় সংসদে জেলার মর্যাদা বৃদ্ধি, মেট্রোপলিটন সিটির দাবি, শিল্পখাতের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো পুনরুজ্জীবনের বিষয়গুলো তুলে ধরে তিনি সেই ধারাবাহিকতাই বজায় রেখেছেন।