শুক্রবার, ২৬ জুন ২০২৬

|

আষাঢ় ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৮, ২৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু

আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ও শিক্ষার মান পুনরুদ্ধারে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রতিষ্ঠানটিকে আগের ঐতিহ্যবাহী অবস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এ লক্ষ্যে বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেছেন।

তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়নে নিয়মিত ক্লাস পরিচালিত হচ্ছে কি না, তা আমি নিয়মিত খোঁজখবর রাখি। শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু করা হয়েছে ফিঙ্গারপ্রিন্টভিত্তিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা। এছাড়া ২৬টি শ্রেণিকক্ষে দেয়াল ঘড়ি স্থাপন এবং কম্পিউটার ল্যাবের জন্য ১০টি কম্পিউটার সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞান শিক্ষার প্রসারে উদ্যোগের কথা তুলে ধরে টিপু বলেন, সায়েন্স ল্যাবরেটরির জন্য প্রায় দুই লাখ টাকার প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়টি জেনেছেন এবং দ্রুত তা সরবরাহের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সাপ্তাহিক মূল্যায়ন, পাক্ষিক পরীক্ষা ও মাসিক পরীক্ষা নিয়মিত গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমেই ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে নতুন একাডেমিক ভবন নির্মাণে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “বর্তমানে প্রতিষ্ঠানের একটি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আপনাদের সহযোগিতা ছাড়া নতুন ভবন নির্মাণ সম্ভব নয়।”

টিপু বলেন, “শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি না করলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি, আপনাদের আন্তরিক সহযোগিতায় নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ আবারও জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও, চেম্বার নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।