ফাইল ছবি
জাতীয় সংসদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটিতে উন্নীত করার দাবি তুলেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার আহ্বান জানান।
বুধবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে বাজেটের ওপর আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।
বক্তব্যে দিপু ভূঁইয়া বলেন, বাংলাদেশের জিডিপির ৭.৫ শতাংশ অবদান রাখে নারায়ণগঞ্জ। এরপরেও নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরির জেলা করে রেখেছে। আমি চাই অতিশিঘ্রই নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরির জেলাতে পরিনত করা হোক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটি করার দাবী জানাচ্ছি। নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল জোন। নারায়ণগঞ্জের ওপরে রপ্তানি নির্ভরশীল।
দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তৈরি পোশাক, নিটওয়্যার, ডাইং, টেক্সটাইল ও বিভিন্ন শিল্পকারখানাকে কেন্দ্র করে দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ আসে এই জেলা থেকে। সেই বিবেচনায় নারায়ণগঞ্জকে আরও বড় প্রশাসনিক কাঠামোর আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে ।
দিপু ভূঁইয়ার বক্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটিতে রূপান্তরের দাবি উত্থাপিত হলো বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
ব্যাবসায়ী নেতৃবৃন্দরা বলছেন, রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ, শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটিতে উন্নীত করার দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। এবার সেই দাবিই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তুলে ধরলেন রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটি করা হলে নগর ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং নাগরিক সেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। একই সঙ্গে জেলার প্রশাসনিক গুরুত্বও বৃদ্ধি পাবে।

