ফাইল ছবি
ইসলামী যুব আন্দোলন বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম।
আজ শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারিকুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ৯ টায় বন্দর ২১ নং ওয়ার্ডের সালেহ নগরে মুজাহিদুল ইসলাম বুলবুলকে সন্ত্রাসী শেখ সিফাত তার দলবল নিয়ে হামলা করে কুপিয়ে হত্যা করে। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা চরম অবনতির বহিঃপ্রকাশ। বন্দর দীর্ঘদিন ধরেই মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসন মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও কিছুদিনের ভেতর অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। গ্রেপ্তার বাণিজ্যের একাধিক অভিযোগ আমরা শুনতে পাচ্ছি যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন এবং আতঙ্কিত করে।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই সন্ত্রাসী শেখ সিফাতসহ ১১ জন গ্রেফতার করা হয়েছে। এই সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজীর বহু অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকা সত্বেও প্রশাসন এতোদিন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে নি । প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হলো।
তিনি আরো বলেন, এই চক্রকে শাস্তি প্রদানে কোন টালবাহানা নয়, কোন উদাসীনতা নয় তাকে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে চিহ্নিত খুনি ও তাদের নেপথ্যে থাকা মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

