শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাইবার অপরাধ তদন্তে দক্ষতা বাড়াতে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৫, ২০ আগস্ট ২০২৬

সাইবার অপরাধ তদন্তে দক্ষতা বাড়াতে কর্মশালা

ফাইল ছবি

সাইবার অপরাধ তদন্তে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আয়োজিত ‘ডেটা সংগ্রহের আইনগত প্রক্রিয়া’ বিষয়ক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি ঢাকার সিপিসির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

দিনব্যাপী কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা, গোয়েন্দা শাখা ও তথ্যপ্রযুক্তি শাখার ২০ জন উপপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে আইনসম্মতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়। বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও গুগল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তথ্যের নথিপত্র তৈরি এবং মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা, হয়রানি, সাইবার বুলিংসহ বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা বাড়ছে। এসব ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে ডিজিটাল তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তদন্তকারী কর্মকর্তারা সাইবার অপরাধের তথ্য-প্রমাণ যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করতে পারবেন বলে আশা করছে জেলা পুলিশ। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সাইবার অপরাধের তদন্ত আরও কার্যকর হবে।