শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না: আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ২১ আগস্ট ২০২৬

কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না: আবদুল জব্বার 

জামায়াতে ইসলামীর জনসভা

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত কাশিপুর গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে কাশিপুর বড় মসজিদ সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “আমরা হয়তো পুরো নারায়ণগঞ্জের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু কাশিপুর থেকে মাদকমুক্ত, ছিনতাইমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ। কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে থাকতে দেওয়া যাবে না। অপরাধ যেখানে, আমরা আছি সেখানে।”
তিনি বলেন, “আপনার অজান্তেই আপনার কোনো আত্মীয়-স্বজন মাদকের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। মুসলমান কিংবা অন্য ধর্মের মানুষ—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কিশোর গ্যাংয়ের মাধ্যমে অনেক কিশোরকে ১০-২০ হাজার টাকার বিনিময়ে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ইসলামের পথে ফিরিয়ে আনতে হবে।”
আবদুল জব্বার আরও বলেন, প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়া গেলে জনগণকে সঙ্গে নিয়ে বিশেষ ফোর্স গঠন করে ২০২৪ সালের মতো আন্দোলনে নামতে হবে। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে সংকট দেখা যাচ্ছে তা অনেকাংশেই কৃত্রিম সংকট বলে মনে হচ্ছে। এ সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর এবং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আক্তার হোসেন। তিনি বলেন, “গডফাদারদের কারণে কাশিপুর মাদকে সয়লাব হয়ে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর ও নিরাপদ কাশিপুর উপহার দিতে চায়।”

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, “২০২৪ সাল থেকে শিক্ষা গ্রহণ করুন।” একই সঙ্গে মাদককে ‘না’ এবং জীবনকে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাকির হোসাইন এবং মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা এম এ সাইফুদ্দিন মনির।

এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মো. খলিলুর রহমান টিটু, নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তমিজ উদ্দিন সরকার, কাশিপুর মিসবাহুল মিল্লাত মাদরাসা ও এতিমখানার সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল আজিজ, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা সেক্রেটারি আলী আহাম্মদ, কাশিপুর ১ নম্বর ওয়ার্ডের মো. অলিউল্লাহ এবং ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ডা. তানিসেন।
সভায় কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন ওলিউল্লাহ, জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামসুদ্দিন আলম, গোলাম রাব্বি বিশ্বাস, শহিদ হোসেন ভূঁইয়া ও মো. আল-আমীন। এছাড়া নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তমিজ উদ্দিনকেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর পশ্চিম জামায়াতে ইসলামী সাংগঠনিক থানা সেক্রেটারি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনসভায় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নিরাপদ ও অপরাধমুক্ত কাশিপুর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।