ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নকল ব্র্যান্ডের বাসমতি চাল মোড়কজাতকরণ এবং সাদা চিনিতে রং মিশিয়ে আখের চিনি হিসেবে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির মালিক কামরুল হাসান নিজের দোষ স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না এ মর্মে তিনি মুচলেকা প্রদান করেন। পরে তার প্রতিষ্ঠানকে নগদ ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, গত ১৫ সেপ্টেম্বর বাবুরাইল এলাকায় একটি বাসাবাড়িতে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সেখানে নকল ফরচুন ও কোহিনুর ব্র্যান্ডের বাসমতি চাল মোড়কজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া বাজার থেকে সংগ্রহ করা সাদা চিনিতে রং মিশিয়ে তা আখের চিনি হিসেবে প্যাকেটজাত করা এবং নারায়ণগঞ্জের নিতাইগঞ্জসহ বিভিন্ন বাজারে সরবরাহ ও বিক্রির তথ্যও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
পরবর্তীতে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির মালিক ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ স্বীকার করেন। তার দেওয়া মুচলেকা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দ করা ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।

