বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ

পুরস্কার ও সনদপত্র বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে স্কুল-কলেজভিত্তিক ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণ, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে রচনা লেখে।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, যুবদল নেতা রাকিব হাসান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সোনারগাঁ শাখার সভাপতি ফজলুল হক ভূইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল হোসেন, সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক পীর মোহাম্মদ ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ দূষণ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ। বিশেষ করে প্লাস্টিকের অপরিকল্পিত ব্যবহার ও যত্রতত্র ফেলে দেওয়ার কারণে মাটি, পানি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন করে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু আলোচনা বা রচনা প্রতিযোগিতার মধ্যে পরিবেশ সচেতনতা সীমাবদ্ধ রাখলে হবে না। প্লাস্টিকের ব্যবহার কমানো, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার বাড়ানো এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হতে হবে।

সভাপতির বক্তব্যে মো. হোসাইন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।”

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।