প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী, ৪০ জন মাদকসেবী, আদালতের পরোয়ানাভুক্ত ২২ জন, নিয়মিত মামলার ৪ জন আসামি, অন্যান্য আইনে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৮ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ১ জন আসামি, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে।
বন্দর থানা পুলিশ ৩ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁ থানা পুলিশ ১ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন, অন্যান্য ধারায় ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া রূপগঞ্জ থানা পুলিশ ৫ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ২ জনসহ ৭ জনকে এবং আড়াইহাজার থানা পুলিশ ২ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন ও নিয়মিত মামলার ৩ আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

