ফাইল ছবি
মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে নদীর আড়াইহাজার অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল হক মিয়াজী ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে মেঘনা নদীর আড়াইহাজার অংশে অভিযান চালিয়ে এসব জাল ও ইলিশ জব্দ করা হয়।
আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে ইলিশ আহরণ বন্ধ রাখতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

