শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বজ্রপাতে বিদ্যুৎকেন্দ্রে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪৭, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫০, ১৪ মার্চ ২০২৬

বন্দরে বজ্রপাতে বিদ্যুৎকেন্দ্রে আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের জি–২ (G-2) ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন লাগার কারণে সাময়িক সময়ের জন্য আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প লাইনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক ত্রুটির কারণে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং জি–২ ট্রান্সফরমারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, ট্রান্সফরমারে বিস্ফোরণের পরই আগুন লাগে। এতে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত লাইনের মেরামতের কাজ চলছে। এরই মধ্যে বিকল্প সংযোগের মাধ্যমে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। উল্লেখ্য, প্রায় এক মাস আগেও একই সাবস্টেশনে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল।