শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৬, ১৩ মার্চ ২০২৬

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিং পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের ভারী পাইপ ভেঙে পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিনের প্রকৃত নাম মুনতাসির ইসলাম হামজা। সে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজনগর এলাকার বাসিন্দা মো. রুবেলের ছেলে। কাজের প্রয়োজনে ইয়াছিনের বাবা বর্তমানে কুমিল্লায় অবস্থান করছেন। তবে ইয়াছিন তার মা ও দুই ভাই-বোনের সঙ্গে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় ডাক্তার মুল্লিকের ভাড়া বাসায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের মালিকানাধীন একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সেখানে পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ একটি ভারী পাইপ ভেঙে নিচে পড়ে যায়। ঠিক সেই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় পাইপটি শিশু ইয়াছিনের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইয়াছিন পাশের একটি দোকানে রুটি কিনতে যাচ্ছিল। হঠাৎ করেই নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে এবং শিশুটি পাইপের নিচে চাপা পড়ে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণাধীন ভবনটির কাজের সময় কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়নি। পথচারীদের চলাচলের পথের পাশেই ঝুঁকিপূর্ণভাবে পাইলিংয়ের কাজ পরিচালনা করা হচ্ছিল। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার বাবা বর্তমানে জেলার বাইরে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।