রোববার, ১৫ নভেম্বর ২০২৬

|

কার্তিক ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২২, ১৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

​১৫ নভেম্বর রবিবার সকালে ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ অত্র এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।

​বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীর পক্ষে আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, "এসিআই মিলের কারণে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার হচ্ছে। মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে আমাদের সরকারি পাম্পটি অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। পাম্প ঠিক করার কথা বলে ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা মোটরটি সরিয়ে নিয়ে মাটিচাপা বা গায়েব করে দিয়েছে।"

​তিনি আরও বলেন, "এটি একটি সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পানির উৎস। এই মোটরটি অফিসিয়াল নিয়মে কোথাও জমা হয়নি। এসিআই মিলের স্টাফ ও লোকজন নিজেদের স্বার্থে এবং নানা নির্যাতনের মাধ্যমে দীর্ঘ ছয় বছর ধরে এই পাম্পটি বন্ধ করে রেখেছে। তারা ওয়াসা ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে এই অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে।" মিডিয়া কর্মীদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার বিনীত অনুরোধ জানান তিনি।

​এ সময় পানির কষ্টের কথা জানিয়ে এক ভুক্তভোগী নারী বলেন, "পানির অভাবে আমরা নিয়মিত গোসল করতে পারি না, খাবার পানিরও অনেক সমস্যা। আপনারা দয়া করে আমাদের পানির সুব্যবস্থা করুন।"

​মানববন্ধন শেষে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং পাম্প চালুর দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 

আরো পড়ুন