মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে ভুয়া দলিলের মাধ্যমে জমি দখল ও বালু ভরাটের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের এলাকায় ফরটিস গ্রুপের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের, টিনর ও কেয়ারিয়া এলাকায় ফরটিস গ্রুপের আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এর আওতায় ‘প্লাটিনাম’ ও ‘সারা রিসোর্ট’সহ বিভিন্ন প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রকল্প শুরুর পর থেকেই সাধারণ মানুষের জমিতে বালু ভরাট করে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, সম্প্রতি ভুয়া দলিলের মাধ্যমে প্রায় ২০ বিঘা জমি দখল করে বালু দিয়ে ভরাট করা হয়েছে। জমিতে বালু ভরাটে বাধা দিতে গেলে প্রকল্পের লোকজন তাদের ওপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়া এবং জোরপূর্বক দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও এবং ঢাকা-বাইপাসের ৩০০ ফুট সড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।
তবে এসব অভিযোগের বিষয়ে ফরটিস গ্রুপের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

