শনিবার, ২০ জুন ২০২৬

|

আষাঢ় ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‎ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আন্ডারপাসের উপর সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪১, ১৯ জুন ২০২৬

‎ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আন্ডারপাসের উপর সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি আন্ডারপাস এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ ৫ জন আহত হয়েছেন।

‎শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মো. আশিকুর রহমান শামীমের মেয়ে।

‎ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঢাকামুখী একটি সিএনজিকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশু হুমাইরা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার মা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি চালক, নিহত শিশুর বাবা-মাসহ মোট ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান।

‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।