ফাইল ছবি
নৌনিরাপত্তা নিশ্চিত করতে সদরঘাট-ফতুল্লা নৌপথে বালিবাহী নৌযানে বিশেষ অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। শনিবার (২০ জুন) বেলা ১১টা থেকে পরিচালিত এই মোবাইল কোর্টে ৯টি নৌযানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর নেতৃত্বে ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত এই বিশেষ পরিদর্শন ও অভিযান চলে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে মোট ১১টি বালিবাহী নৌযান সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপের সঙ্গে নিবন্ধনপত্রের পরিমাপের মিল নেই। এছাড়া বেশ কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম ও নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পাওয়া যায়। এগুলো নৌনিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী জানান, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন, অননুমোদিত পরিবর্তন করা এবং নিরাপত্তা সরঞ্জামহীন নৌযানের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এমন মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি নৌযান মালিক ও পরিচালকদের সব বিধি-বিধান মেনে নৌযান চালানোর আহ্বান জানান।
অভিযান চলাকালে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

