ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি ডাকাতির ঘটনায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্তত পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সশস্ত্র ডাকাত দল। এছাড়া আরেকটি বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে তারা।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও আতাদী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খান ওরফে ফরহাদ মাস্টারের ছেলে সাকিব আল নাহিদ কুমিল্লার মুরাদনগর থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশে রাস্তার ধারে বসে ছিলেন।
রাত ১টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হঠাৎ তাদের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তাদের চিৎকারে বাড়ি থেকে ছুটে আসেন মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)।
ডাকাতদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল নাহিদ, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং ডালিয়া গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর ডাকাত দলটি পার্শ্ববর্তী রাইনাদী আতাদী এলাকার সুমনের বাড়িতে হানা দেয়। সেখানে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

