ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরের হরিপুর ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আরও একটি শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ উদ্ধারের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুইটি শটগানই উদ্ধার হয়েছে।
শনিবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গত ২ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বন্দরের হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের নদীর ঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্ব পালন করছিলেন সাধারণ আনসার সদস্য সৈকত মিয়া ও মনিরুজ্জামান মুন্সী। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৫ থেকে ৬ জন ডাকাত সেখানে এসে দেশীয় অস্ত্র ও রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে দুইটি শটগান লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।
ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ উপজেলার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জনৈক জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত একটি শটগান উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এর আগে গত ১৩ জুলাই একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। সর্বশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুইটি শটগানই উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

