ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে (২১) ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার চর হুগলা এলাকার বাসিন্দা মো. ইয়ামিন (৩৫) ও একই এলাকার মো. ইব্রাহিম খলিল (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী বিদেশে থাকার সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২ জানুয়ারি রাতে ঘরে ঢুকে ইয়ামিন তাকে ধর্ষণ করে এবং ইব্রাহিম খলিল তা মোবাইলে ভিডিও করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ও বিয়ের প্রলোভনে ইয়ামিন তাকে দফায় দফায় ধর্ষণ করে।
বর্তমানে ওই নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইয়ামিন বিয়েতে অস্বীকৃতি জানায় এবং সন্তান নষ্ট করার চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে মারধর ও পিস্তল উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভুক্তভোগী নারী জানান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

