ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আঃ মালেক (৫৩) নামে এক ব্যক্তি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডিতে অভিযুক্তরা হলেন— বন্দর কলাবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা রহমত উল্লাহ খোকন (৪৮) এবং সালেহ নগর রোড এলাকার বাসিন্দা মাজেদুল ইসলাম মুকুল (৫২)। এছাড়া অভিযোগে আরও তিনজনকে অজ্ঞাতনামা হিসেবে যুক্ত করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী আঃ মালেকের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত এই জটিলতার সমাধানে ২০২০ সালে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা (মামলা নম্বর- ১৪৮) দায়ের করা হয়। তবে মামলাটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্তরা জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। এমনকি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত বিচার-শালিসও তারা অমান্য করে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট রাতে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি বন্দর থানাধীন স্বল্পেরচক পুরান স্কুলের পাশে অবস্থিত আনোয়ার কন্ট্রাক্টরের ভাড়া বাড়িতে প্রবেশ করে। সেখানে অবস্থানরত আঃ মালেকের স্ত্রী শাহিদা বেগমকে (৪৭) ভবনের চার তলা থেকে নিচে ডেকে এনে জমি সংক্রান্ত বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেওয়া হয়। বিবাদীদের কথা না শুনলে আঃ মালেক ও তার ছেলেকে সরাসরি জানে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভবিষ্যতে আইনি সুরক্ষার স্বার্থে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

