ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি ১১।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নেত্রকোনার মদন উপজেলার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে কামরুল হাসান (২৯) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাসবাগ এলাকার মাসুক ভূঁইয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২৭)।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে গোকুলদাসবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ কামরুল ও মিজানুরকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে গাঁজার চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন তারা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

