শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি দখলচেষ্টার অভিযোগ, পাল্টা দাবি বিবাদীপক্ষের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৪, ৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি দখলচেষ্টার অভিযোগ, পাল্টা দাবি বিবাদীপক্ষের

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পিতা-পুত্রসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় রাসেল নামে এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
‎
‎অভিযুক্তরা হলেন—সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মৃত মনুসর আলীর ছেলে নাজিম উদ্দিন (৮০), তার ছেলে মো. শাহাবুদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০) ও মো. সৈকত আলী। ঘটনাটি নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায়।
‎
‎লিখিত অভিযোগে রাসেল দাবি করেন, ওই ১০ শতাংশ জমি তার বাবার ক্রয়সূত্রে পাওয়া এবং খাজনা-খারিজ সম্পন্ন করে তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। জমিটির সিএস ও এসএ দাগ নম্বর ২০৫ ও ২০৬ এবং আরএস দাগ নম্বর ৪২২ ও ৪২৩।
‎
‎রাসেলের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে জমিতে গেলে অভিযুক্তরা সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অভিযুক্তরা জমি দখলের হুমকি এবং বাধা দিলে প্রাণনাশ ও লাশ গুমের ভয় দেখান বলে অভিযোগ করেন রাসেল।
‎
‎তবে অভিযোগ অস্বীকার করে মো. শাহাবুদ্দিন বলেন, সম্পত্তিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং এসএ ও আরএস রেকর্ডে তার দাদার নাম রয়েছে। ১৯৫৮ সাল থেকে তার দাদা এবং পরবর্তীতে বাবা ও তারা উত্তরাধিকারসূত্রে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।
‎
‎শাহাবুদ্দিন আরও দাবি করেন, একই সম্পত্তি নিয়ে আবুল নামে এক ব্যক্তির সঙ্গে তাদের মামলা হয়েছিল এবং আদালতের রায় ও ডিক্রি তাদের পক্ষে এসেছে। হাইকোর্টের রায়ও তাদের পক্ষে রয়েছে বলে জানান তিনি। তার অভিযোগ, রাসেল বিভিন্ন লোকজন ও রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন।
‎
‎জানা গেছে, জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও তা সমাধান হয়নি। একই জমি সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে, যার মামলা নম্বর ১১৩৬/২২।
‎
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।