শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এশিয়ান হাইওয়েতে ভয়াবহ ফাটল: বৃষ্টির ওপর দায় চাপালেন প্রকল্প পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৩, ৩ অক্টোবর ২০২৬

এশিয়ান হাইওয়েতে ভয়াবহ ফাটল: বৃষ্টির ওপর দায় চাপালেন প্রকল্প পরিচালক

ফাইল ছবি

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়কের (ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে) চারলেনে উন্নীতকরণ প্রকল্পের সোনারগাঁ অংশে ভয়াবহ ধস ও বিশাল ফাটল দেখা দিয়েছে। উপজেলার সিংলাব-পাকুন্দা এলাকার আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় কোয়ার্টার কিলোমিটারজুড়ে সড়ক দেবে গিয়ে তৈরি হয়েছে চরম মৃত্যুফাঁদ।

শনিবার (৩ অক্টোবর) সকালে স্থানীয়রা সড়কে প্রথম এই সুবিশাল ফাটল দেখতে পান। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই অংশে যানচলাচল বন্ধ করে দেয়। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট ও যাত্রী ও চালকদের তীব্র ভোগান্তির সৃষ্টি হয়। দুপুরে খবর পেয়ে পরিস্থিতি মূল্যায়নে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, পিচঢালাই সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। একাধিক জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরের মাটি ও নিম্নমানের সুরকি বেরিয়ে এসে সড়কটি নিচের দিকে দেবে গেছে। ফলে পুরো এলাকা জুড়ে বড় ধরনের ভূমিধসের চরম আতঙ্ক দেখা দিয়েছে।

​সড়ক নির্মাণে চরম দুর্নীতি ও রাতে মাটি চুরির কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে সরাসরি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা বানানোর সময় আমরা চোখের সামনে দেখেছি কী নিম্নমানের কাজ হইছে! খোয়া আর বিটুমিনের কাজের মান একদম খারাপ ছিল। এক বছরও গেলো না, এর মধ্যেই রাস্তা ফাইট্টা ধইসা পড়ল। সরকার কোটি কোটি টাকা খরচ করতাছে, আর ঠিকাদাররা চুরি কইরা আমাগো জীবন ঝুঁকিতে ফালাইতাছে।

​সড়কের পাশের স্থানীয় বাসিন্দা আল আমিন একই অভিযোগ তুলে বলেন, রাস্তা বানানোর নাম করে বিদেশি চায়না ঠিকাদারের সাথে সংশ্লিষ্ট এলাকার কিছু লোক রাতের আঁধারে সড়কের দু'পাশের মাটি কেটে বিক্রি করে পুকুর বানিয়ে ফেলেছে। কোনো গাইড ওয়াল না করেই তাড়াহুড়ো করে সড়ক নির্মাণ করা হয়। ফলে মাটির চাপে দুই পাশের খাদের কারণে পুরো রাস্তা এখন দেবে গেছে। আর কয়দিন বৃষ্টি হইলে এই পুরা অংশ ধসে পড়বে।

​তবে কাজের মান ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী। 

তিনি বলেন, টানা দুই-তিন দিনের বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি নরম হয়ে পড়ে। তার ওপর সড়ক দিয়ে অনবরত অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে নরম মাটি সরে গিয়ে রাস্তা দেবে গেছে এবং ফাটল দেখা দিয়েছে। প্রকল্প নির্মাণকারী বেসরকারি অংশীদার 'ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড'-এর কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যানবাহন চলাচলের ব্যবস্থা করছেন। যেখানে মাটি সরে গেছে, সেখানে ড্রিল করে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা হবে।

​এদিকে ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, শুধু ড্রিল করে জোড়াতালির মেরামত নয় অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে মূল কারণ উন্মোচন করতে হবে এবং দুর্নীতির সাথে জড়িত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।