সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৫, ১২ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বয়সী ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাঁর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হলেও এখনও পরিচয় জানা যায়নি।

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মেঘনা নদীতে মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল সোনারগাঁয়ের চর হোগলা চরের সামনে মেঘনা নদীর উত্তর পাড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। মরদেহের শরীরে কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারের চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মরদেহের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালানোর পাশাপাশি পিবিআই ও সিআইডির সহায়তা নেওয়া হয়। কিন্তু প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

নৌ পুলিশের বরাতে আরও জানা গেছে, মরদেহের পেছনের বাম পকেটে একটি তালা ও একটি চাবি পাওয়া যায়। সামনের বাম পকেটে ছিল ‘নকটিন ৫ মিলিগ্রাম’ লেখা ওষুধের একটি পাতা। ওই পাতায় ১০টি ট্যাবলেটের মধ্যে চারটি অব্যবহৃত এবং ছয়টি ব্যবহৃত অবস্থায় ছিল।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, ভিক্টোরিয়ায় পাঠানো হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।