মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, অনিয়মে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৩, ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, অনিয়মে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি কমপ্লেক্সটি পরিদর্শনে যান। 

পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা ও চিকিৎসাসেবার বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর থেকে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। একই সঙ্গে প্রবাসীদের সতর্ক থাকার এবং যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর নামে চলমান প্রতারণা রোধে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। বিদেশে কর্মী পাঠাতে প্রতারণা চিরতরে বন্ধ করতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, অনেক ট্রাভেল এজেন্সি অবৈধভাবে বিদেশে শ্রমিক পাঠানোর কাজ করছে, যা তাদের এখতিয়ারভুক্ত নয়। এই খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি প্রক্রিয়াকে অনলাইন ব্যবস্থার আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রবাস খাতের এই সংস্কারের দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।