ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নারায়ণগঞ্জের মদনপুর বন্দরের একতা সুপার মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত এ তদারকি কার্যক্রমে মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় রশিদ না দেওয়া, পণ্যের ওজনে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার মতো অনিয়ম ধরা পড়ে।
অভিযান সূত্রে জানা যায়, দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং বিক্রয় রশিদ প্রদান ও সংরক্ষণ না করার দায়ে ফজলুল হক রাইস এজেন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিক্রিত সয়াবিন তেল নির্ধারিত পরিমাণের তুলনায় কম দেওয়ার অভিযোগে আনিস স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া সেলিম মসলা ঘরে মেয়াদোত্তীর্ণ চিলি সস পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠান থেকেই আরোপিত মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তদারকির সময় বাজারের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্যও পর্যবেক্ষণ করা হয়। এ সময় গরুর মাংস প্রতি কেজি ৬৩০ টাকা এবং ডিম প্রতি হালি ৪৮ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।
অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকলে তা বিক্রয়যোগ্য পণ্য থেকে আলাদা করে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ এবং পণ্যের ওজনে কোনো ধরনের কারচুপি না করার বিষয়ে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, বাজারে পণ্যের মূল্য, মান, পরিমাপ ও মেয়াদসহ ভোক্তা স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বাজার তদারকি কার্যক্রমে বাজার কমিটির সদস্যরা সহযোগিতা করেন। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

