ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ দলীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি এই ঘটনায় অন্তত ১০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুরো কার্যালয়টি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়ার ছবি, চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করে বলেন, ১২ ফেব্রুয়ারি বিএনপির নিরঙ্কুশ বিজয় যারা মেনে নিতে পারেনি এবং বিএনপির নাম শুনলেই যাদের গায়ে আগুন জ্বলে, তারাই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে।
তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলেই মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।

