শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফুলেল শুভেচ্ছায় সিক্ত দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফুলেল শুভেচ্ছায় সিক্ত দিপু ভূঁইয়া

ফাইল ছবি

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। 

শুক্রবার বিকেলে উপজেলার গোলাকান্দাইলে তার নিজ বাসভবনে নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা জানান।

দুপুরের পর থেকেই রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে বাসভবনে আসতে থাকেন। বিকেলে বাসভবনসংলগ্ন মাঠে বিপুল মানুষের সমাগম ঘটে।

শুভেচ্ছা জানানোর জন্য সেখানে একটি মঞ্চ নির্মাণ করা হয়। প্যান্ডেল, গেট ও আলোকসজ্জায় সাজানো হয় পুরো এলাকা। মঞ্চে নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মালা পরিয়ে দেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

আগত অতিথিদের আপ্যায়নের জন্য মিষ্টিসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে খাবার গ্রহণ করেন। এমন সম্মান পেয়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, এ বিজয় আমার নয়, রূপগঞ্জবাসীর বিজয়। আমি কথা দিয়েছিলাম—চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রূপগঞ্জ গড়ে তুলব। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে যা করা দরকার, তা করব। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাসজমি উদ্ধার করে খেলার মাঠ তৈরি করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পান ৯০ হাজার ২৮৯ ভোট।