শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়

ফাইল ছবি

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে ধানের শীষের প্রার্থী থাকায় সবগুলোতে জয় পেয়েছেন ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা।

নির্বাচনের ফলাফলে দেখা যায় নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এই আসনে আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট, অন্যদিকে দিপু ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। বড় ব্যবধানে এই জয় ধানের শীষের শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে।

নারায়ণগঞ্জ-২ আসনেও ধানের শীষের জয় নিশ্চিত হয়। এখানে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হন। তিনি মোট ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ মোল্লা পান ৮১ হাজার ৫৪ ভোট। ভোটের ব্যবধান থেকেই বোঝা যায়, এই আসনেও ভোটারদের আস্থা ছিল ধানের শীষের পক্ষেই।

এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া অর্জন করেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। তুলনামূলক কম ব্যবধানে হলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসেন ধানের শীষের প্রার্থীই।

নারায়ণগঞ্জ-৫ আসনেও ধানের শীষের দাপট লক্ষ্য করা গেছে। এখানে বিএনপির প্রার্থী আবুল কালাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।

সার্বিকভাবে নারায়ণগঞ্জের চারটি আসনে ধানের শীষের এই জয়কে বিএনপির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ এবং সমর্থনের প্রতিফলন হিসেবেই এই ফলাফল এসেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা।