নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সজীব
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করেছে নারায়ণগঞ্জ পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি জানান, আমাদের নারায়ণগঞ্জ জেলার ডিবির টিম নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে বসুন্ধরায় তার নিজ বাসভবন থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমাদের কাছে। সেই অভিযোগগুলো যাচাই করতে তাকে নিয়ে এসেছিলাম। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে এখন নেয়া হবে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি অভিযোগ আছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। আমরা এগুলো যাচাই করছি। অভিযোগ অনেকেই করেছেন। তারা এখনও মামলা করার জন্য আসেননি। কিন্তু অভিযোগগুলো জমা দিয়েছে। আমরা এগুলো যাচাই করতে তাকে এনেছিলাম। জিজ্ঞাসাবাদ আমরা করেছি এবং কিছু তথ্য পেয়েছি। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে কোন মামলা নেই।
এর আগে রোববার বিকেল সাড়ে চারটার দিকে বসুন্ধরায় সজীবের বাসভবন থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

