রোববার, ১২ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৩, ১২ জুলাই ২০২৬

রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

ফাইল ছবি

আসন্ন রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (১২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলা, মহানগর ও থানা পর্যায়ের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় অধ্যাপক মামুন মাহমুদ রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় রথযাত্রার শোভাযাত্রার নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসব চলাকালে সার্বিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

সভায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, অতীতেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করেছেন। এ ধরনের আন্তরিক সহযোগিতার কারণেই নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে।

তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায় এ বছরের রথযাত্রাও শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস ও প্রদীপ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল দাস, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন শীল ও সাধারণ সম্পাদক সুমিত রায়, আড়াইহাজার উপজেলার সভাপতি সাংবাদিক হারাধন দে, ফতুল্লা উপজেলার সভাপতি প্রদীপ মণ্ডল, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন সাধু এবং মহানগরের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্যসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এছাড়া ইসকন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, নগরখানপুর শ্রীশ্রী নিতাই চৈতন্য মন্দির, শ্রীশ্রী গৌড়-নিতাই আখড়া, দেওভোগ এবং কাচারিগলির গোপাল জিউর মন্দিরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।