রোববার, ১২ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, এলাকায় ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৩, ১২ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, এলাকায় ক্ষোভ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দুইতলা ভবনের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতরা হলো সামিয়া (৬) ও রুহুল আমিন (৮)। রোববার (১২ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় মো. মিজানুর রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

‎আহত রুহুল আমিনের বাবা মো. রাসেল এবং সামিয়ার বাবা আব্দুর রহিম বাদশা। তারা উভয়েই পেশায় অটোরিকশাচালক এবং একই এলাকার মাসুম ও জালাল আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

‎স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত নুরুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সামিয়াকে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থা আশঙ্কাজনক।

‎স্থানীয়দের অভিযোগ, ভবন ও সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজনীয় নিরাপত্তা ও নির্মাণবিধি অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অবহেলা ও গাফিলতির কারণেই দুই নিষ্পাপ শিশুর জীবন এখন সংকটাপন্ন বলে দাবি করেন তারা। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামসুদ্দোহা বলেন, “সকালে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”