ফাইল ছবি
নারায়ণগঞ্জের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের স্থান স্থায়ীভাবে সংরক্ষণ এবং এর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে অটোরিকশাকেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এছাড়া লিংক রোড এলাকায় অবৈধ ময়লার ভাগাড়কে কেন্দ্র করে অপরাধ, মাদক বাণিজ্য ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।
জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান আরও জোরদার করা, কাশীপুর এলাকায় ক্যাবল চুরি প্রতিরোধ এবং ডাকাত শহীদ গ্রুপের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও সভায় তুলে ধরেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলোর আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, এসব মামলার দ্রুত নিষ্পত্তি হলে জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, রোলিং মিল থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি খাল খননের নামে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
বক্তব্যের শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দলমত নির্বিশেষে সবাই আন্তরিকভাবে কাজ করলে একটি সুন্দর, সমৃদ্ধ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

