রোববার, ১২ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরিচালনা কমিটির খেয়ালিপনায় মাদ্রাসায় চুরি, থানায় অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫১, ১২ জুলাই ২০২৬

পরিচালনা কমিটির খেয়ালিপনায় মাদ্রাসায় চুরি, থানায় অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৩নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটির চরম খেয়ালিপনা ও উদাসীনতার কারণে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত ১১ জুলাই গভীর রাতে মাদ্রাসার তালা ভেঙে প্রায় কয়েক লাখ টাকার মালামাল চুরি ও ভাঙচুর করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

​এ ঘটনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ মোল্লা বাদী হয়ে বন্দর থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই গভীর রাতে নাসিক ২৩নং ওর্য়াডস্থ পূর্বপাড়ার পচার বাড়ির মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে সুমন (৪২) এবং মাদ্রাসা সংলগ্ন আব্দুল রাজ্জাকের ছেলে সুমন (২২)-সহ অজ্ঞাতনামা ৬/৭ জনের একটি চোরের দল মাদ্রাসার ভেতরে প্রবেশ করে।

​মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ মোল্লা জানান, চোরের দল মাদ্রাসায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। তারা মাদ্রাসা থেকে নিচে উল্লেখিত মালামাল চুরি ও ভাঙচুর করে নিয়ে যায় ​আনুমানিক ১,০০,০০০ (এক লাখ) টাকা মূল্যের ইলেকট্রনিক তার একটি ৩২ ইঞ্চি মনিটর, ​দুইটি ইলেকট্রিক মিটার, ​প্রবেশদ্বারের একটি লোহার গ্রিল,  ​অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিসে থাকা ২টি টেবিল, ​মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা ও মাইকসহ বিভিন্ন সরঞ্জাম।

​মাদ্রাসার অফিস সহায়ক মোঃ আব্দুল মান্নান (৪২) ঘটনার পরদিন মাদ্রাসায় গিয়ে তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মোবাইল ফোনে অবহিত করেন। খবর পেয়ে অধ্যক্ষ দ্রুত মাদ্রাসায় উপস্থিত হয়ে চুরির ঘটনার সত্যতা পান এবং থানায় লিখিত অভিযোগ জানান। 

মাদ্রাসা সংশ্লিষ্ট ও স্থানীয়দের অভিযোগ, পরিচালনা কমিটির খামখেয়ালি এবং মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করার কারণেই বারবার এমন চুরির ঘটনা ঘটছে। এর আগেও এই মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছিল, যার প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ (অভিযোগ নং- ১৭৪৬/২৫) দায়ের করা হয়েছিল। পূর্বের ঘটনার কোনো সুষ্ঠু সমাধান ও নিরাপত্তা নিশ্চিত না করায় চোরের দল আবারও এই দুঃসাহস দেখিয়েছে।

​এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, মাদ্রাসার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে।