বুধবার, ২২ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুই নেতার দ্বন্দ্বে ওয়ার্ড বিএনপির কার্যালয় তালাবদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৬, ২১ জুলাই ২০২৬

দুই নেতার দ্বন্দ্বে ওয়ার্ড বিএনপির কার্যালয় তালাবদ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্ড বিএনপির দুই নেতার দ্বন্দ্বের জেরে দলীয় কার্যালয় তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতের যেকোনো সময় দাউদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পুরাতন তালা খুলে নতুন তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে দাউদপুর ইউনিয়নের পলখান এলাকার একটি মার্কেটে ঘর ভাড়া নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় হিসাবে ব্যবহার শুরু করেন।

এরই মধ্যে গত কয়েক মাস ধরে দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঙ্গে ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শাহীন আকন্দের মধ্যে ব্যক্তিগত ঝামেলা হচ্ছিল। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের ব্যক্তিগত বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতের কোনো এক সময় বিএনপির কার্যালয়ের পুরোনো তালা খুলে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়। সকাল থেকে দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা প্রবেশ করতেন না পাড়ায় অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, শাহীনের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে দাউদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শাহীন আকন্দ বলেন, দলীয় অফিসে তালা আমি দিইনি। মার্কেটের মালিক জাইদুল আকন্দ তালা দিয়েছেন। আমি শুধু বলেছি, ঘর ভাড়া দেওয়া বা না দেওয়া মালিকের বিষয়। প্রয়োজনে অফিসের দুটি তালা ভেঙে বিএনপির অফিসে বসতে বলেছি।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলালউদ্দিন বলেন, ব্যক্তিগত বিরোধ থাকতে পারে, কিন্তু বিএনপির দলীয় অফিসে তালা দেওয়ার এখতিয়ার কারও নেই। বিষয়টি শুনেছি।

তিনি আরও বলেন, পুরো ঘটনা জেনে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।