ফাইল ছবি
নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় পাঁচ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। টানবাজার লোড আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন। সেবা গ্রহণকারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
মঙ্গলবার আয়োজিত এই চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টানবাজার লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. সাজেদুর রহমান বলেন, এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তিনি বলেন, রাজনীতি, ব্যবসা ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ যদি সামাজিক দায়িত্ব পালনে আরও বেশি এগিয়ে আসে, তাহলে সমাজে মানবিক সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পাবে। তিনি আয়োজকদের ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের সংগঠন নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় পাঁচ শতাধিক মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রতি মাসে ১০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

