মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫১, ২১ জুলাই ২০২৬

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

নাগরিক অধিকার ফোরামের ব্যানারে সমাবেশ

নারায়ণগঞ্জে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল এবং পুরোনো পোস্টপেইড ব্যবস্থায় ফিরে যাওয়ার দাবিতে সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা। সমাবেশ থেকে প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ, অস্পষ্ট বিলিং ব্যবস্থা এবং গ্রাহক হয়রানির অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা বিদ্যুৎ গ্রাহক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে গ্রাহকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। মিটারে রিচার্জ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত হিসাব নিয়েও সাধারণ গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি রয়েছে বলে দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, প্রিপেইড মিটারের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। টাকা শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। তারা গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে প্রিপেইড মিটার ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানান।

সমাবেশ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং বিদ্যুৎ বিতরণকারী সংস্থার প্রতি দ্রুত প্রিপেইড মিটার বাতিল করে পোস্টপেইড ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন।