ফাইল ছবি
নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে আন্দোলন দানা বাঁধতে শুরু করলে শুরু থেকেই মাঠে সক্রিয় ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ। আন্দোলনের পুরো সময়জুড়ে তিনি নিয়মিতভাবে মিছিল-সমাবেশে অংশ নেন এবং নেতাকর্মীদের সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জুলাইয়ের উত্তপ্ত দিনগুলোতে প্রায় প্রতিদিনই শত শত নেতাকর্মী নিয়ে তিনি নগরীর চাষাঢ়ায় চলমান ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতেন। আন্দোলনের প্রতিটি কর্মসূচিতেই তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। কৌশলগত কারণে সামনের সারিতে খুব বেশি দেখা না গেলেও আন্দোলনে জনসমাগম বৃদ্ধি এবং কর্মীদের মাঠে সক্রিয় রাখতে তিনি পর্দার অন্তরালে কার্যকর ভূমিকা রাখেন।
নারায়ণগঞ্জে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া চাষাঢ়া এলাকায় প্রতিদিনের কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে এসে আন্দোলনের শক্তি বৃদ্ধি করেন এই ছাত্রদল নেতা।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মহাসড়কে আন্দোলন জোরদার হওয়ার পর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি টানা কাজ করে যান।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আন্দোলনের বিভিন্ন পর্যায় পর্যালোচনায় নারায়ণগঞ্জে যেসব রাজনৈতিক কর্মী নিয়মিতভাবে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মধ্যে মাসুদুর রহমান মাসুদ অন্যতম হিসেবে আলোচনায় রয়েছেন।

