ফাইল ছবি
নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজারে আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।
জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আড়াইহাজার ছিল নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলনকেন্দ্র। আড়াইহাজারে দিয়েই দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ক অবস্থিত। সেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সামনের সারিতে ছিলেন নজরুল ইসলাম আজাদ। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তাকে কেন্দ্র করেই আড়াইহাজারে রাজপথের রাজনৈতিক কর্মসূচিগুলো পরিচালিত হয়।
বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়ককেন্দ্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আন্দোলনের এক পর্যায়ে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং আন্দোলন এক নতুন মাত্রা পায়।
আন্দোলনের দিনগুলোতে আড়াইহাজারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মিছিল ও অবস্থান কর্মসূচিতে তিনি সরাসরি অংশ নেন। একই সঙ্গে কর্মীদের সংগঠিত রাখা এবং কর্মসূচিগুলোর ধারাবাহিকতা বজায় রাখতেও তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে আন্দোলনের বিভিন্ন দিক পর্যালোচনায় উঠে এসেছে নজরুল ইসলাম আজাদের নাম। বিশেষ করে আড়াইহাজারের আন্দোলন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘটনাপ্রবাহে তার এই সক্রিয় উপস্থিতি রাজপথে বড় প্রভাব ফেলেছিল।

