সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের ফতুল্লা রিয়া গোপ ক্রীকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের পর এলাকাবাসী দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
রোববার (২৬ জুলাই) বিকেল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন এসে দ্রুত ফুটওভার ব্রীজ তৈরি করে দেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ ছেড়ে দেয় এলাকাবাসী।
এদিকে সড়ক অবরোধ করায় সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত ৭ কিলোমিটার যানজট সৃস্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।
এলাকাবাসীর দাবী স্টেডিয়ামের সামনে প্রায় সময় সড়ক দুর্ঘটনায় লোকজন নিহত হয়। এতে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সড়ক অবরোধ করে ফুটওভার ব্রীজের দাবীতে বিক্ষোভ করে আসছে। প্রতিবারই বিক্ষোভকারীদের দ্রুত ফুটওভার ব্রীজ করে দেয়ার আশ্বাস দিয়ে যায় প্রশাসন। কিন্তু ওভার ব্রীজ আর করে দেয়না। এরমধ্যে রোববার দুপুরেও ওইস্থানে আবুল হোসেন নামে এক ব্যক্তি ট্রাক চাপায় নিহত হয়। এরপর এলাকাবাসী ফুসে উঠে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, এনসিপি মহানগরের সদস্য সচিব জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল হক, ছাত্র শক্তির রিয়াদ, সালামসহ এলাকাবাসী।

