ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার পরিবর্তে আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন বলে অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন ডা. সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দেন।
মামলাটি করা হয়েছে ২০২৫ সালের ৯ মে আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তার মক্কেলের শারীরিক অবস্থা আগের মতো নেই। সেই বিষয়টি আদালতের নজরে এনে চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত তা গ্রহণ করেছেন।
তিনি জানান, তদন্ত শেষ হয়ে চার্জশিট জমা দেওয়ার পর এবং সাক্ষ্যগ্রহণ শুরু হলে ডা. সেলিনা হায়াৎ আইভীকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে। তবে তদন্তাধীন এই পর্যায়ে তার পক্ষে আইনজীবীই আদালতে হাজিরা দেবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় ও পরে তার সমর্থকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িবহরে বাধা দেওয়া ও হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীকেও আসামি করা হয়।

