মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ৫ জনসহ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৭:৩৬, ২৮ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের ৫ জনসহ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

নিহতদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার ৫ জন এবং মুন্সিগঞ্জ জেলার একজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে। 

সরকারিভাবে এখনো নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ না হলেও স্থানীয় প্রশাসন বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করছে।

মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে পাওয়া গেছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জের ৫ বাসিন্দা রয়েছেন। তবে সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক তালিকা এখনো জেলা প্রশাসনের কাছে পৌঁছেনি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্তের দেওয়া আগুনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বাংলাদেশিরা বের হতে না পেরে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই অন্তত ৬ জন বাংলাদেশির মৃত্যু হয়।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়ারা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই গ্রামের আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মৃত সালাম বেপারীর ছেলে মো. রাজিক (৫৫)।

ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকাহত বাবা আলী মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুনে আমার ছেলে ও আরও কয়েকজন মারা গেছে। আগুন সবকিছু নিয়ে গেছে। এখন তাদের কী অবস্থা, সেটাও ঠিকভাবে জানি না।

এদিকে দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হলেও আগুনের তীব্রতায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। নিহতদের মরদেহ শনাক্ত ও দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও অনানুষ্ঠানিক সূত্রে দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দার নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা নিশ্চিত তথ্য আমাদের কাছে আসেনি। সরকারিভাবে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সরকারিভাবে প্রকাশের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। একই সঙ্গে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা।