ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে হাবিব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব ফতুল্লার নরসিংপুর এলাকার হাসেম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসেম মিয়া দীর্ঘদিন ধরে বক্তাবলী ফেরিঘাট এলাকায় গেন্ডারির শরবতের দোকান পরিচালনা করে আসছেন। মঙ্গলবার সকালে হাবিব বাবার দোকানে অবস্থান করছিল। এ সময় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের দিকে উঠে গেলে হাবিব ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় এক নারীসহ আরও দুইজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

