মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৭ নভেম্বর উদ্বোধনের লক্ষ্য শ্রমজীবী নারী হোস্টেল ও পাঁচ শয্যার হাসপাতাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০১, ১৩ অক্টোবর ২০২৬

৭ নভেম্বর উদ্বোধনের লক্ষ্য শ্রমজীবী নারী হোস্টেল ও পাঁচ শয্যার হাসপাতাল

বন্দর এলাকায় শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন

নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী নারীদের আবাসন সুবিধার জন্য নির্মিত মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম আগামী ৭ নভেম্বর পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বন্দর এলাকায় শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে এ আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে জন্য তাঁদের আবাসন সুবিধা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তাঁদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য পাঁচ শয্যার হাসপাতালটির কার্যক্রমও চালু করা প্রয়োজন। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী ৭ নভেম্বর হোস্টেল ও হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পুনরায় উদ্বোধনের লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন।

এদিকে সৌদি আরবের বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার ঘটনা ঘটার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শ্রম উইং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী মারা গেছেন এবং অনেকে আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, তিনি নিজেও আহত একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সাবধানে থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করার জন্যও তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরে হয়রানির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদ এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।