মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্রমিক অসন্তোষ: অবরোধ নিরসনে রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৯, ১৩ অক্টোবর ২০২৬

শ্রমিক অসন্তোষ: অবরোধ নিরসনে রাজীব

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাই প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করা ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিটের শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। পরে শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসকের কাছে গিয়ে সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে। মাসদাইর পুলিশ লাইন এলাকার ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিটের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এ সময় চাষাঢ়া এলাকা দিয়ে যাওয়ার পথে শ্রমিকদের অবরোধ করতে দেখে গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলেন রাজীব। শ্রমিকদের সমস্যার কথা শোনার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে শ্রমিকদের দাবি-দাওয়া সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরে রাজীবের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে তাঁর সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতাদের নিয়ে বৈঠকের তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।

রাজীব বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে নির্ধারিত তারিখে আলোচনায় বসা হবে। শ্রমিকদের কোনো অযৌক্তিক দাবি যেমন মেনে নেওয়া হবে না, তেমনি মালিকপক্ষের কোনো আইনবহির্ভূত সিদ্ধান্তও শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে।

নিজের ভূমিকার বিষয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জের একজন সাধারণ নাগরিক ও বিএনপি কর্মী হিসেবে জনসাধারণের ভোগান্তি কমাতে আমি এগিয়ে এসেছি।”

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ এবং ছাঁটাই করা শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরবর্তী আলোচনায় এসব বিষয়ে সমাধানের পথ খোঁজা হবে বলে জানান রাজীব।