ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য প্রচার এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাদৈর মধ্যপাড়া এলাকার নজরুল ইসলাম ভূঁইয়া ও খাদিজা বেগম রানুর ছেলে মেহেদী হাসান রাজিব (৩০)।
এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি শনাক্ত ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বেশ কয়েক দিন ধরে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে রকিবুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছিল। একপর্যায়ে চক্রটির মূল হোতা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাগরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বিকাশের মাধ্যমে কিছু টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় রকিবুল ইসলাম সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার পর মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে মেহেদী হাসান রাজিবকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। এতে ডিবির আইটি শাখার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম, পিপিএম দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে অন্যদের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।
অভিযানে দুটি মোবাইল ফোন, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিকাশ নম্বর এবং ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটক ব্যক্তিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

