বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দল-মত নয়, যোগ্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়ার আহ্বান জিনিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৭, ১৪ অক্টোবর ২০২৬

দল-মত নয়, যোগ্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়ার আহ্বান জিনিয়ার

ফাইল ছবি

দল-মত নয়, যোগ্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা খন্দকার নাইমা নুসরাত জিনিয়া।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জিনিয়া বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় প্রভাব থাকা উচিত নয়। দল-মত নির্বিশেষে যারা এ কার্ড পাওয়ার যোগ্য, তাদের সবার কাছে এর সুবিধা পৌঁছানো নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগীরা যেন বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নাম উল্লেখ থাকলেও তিনি দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সঠিক তথ্য সংগ্রহ ও নিরপেক্ষভাবে উপকারভোগী নির্বাচনের গুরুত্ব রয়েছে।