ফাইল ছবি
এক নারীকে সঙ্গে নিয়ে গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান। ওই ভিডিওর রেশ কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জ শহরের জামতলায় তাকে মারধর ও পাঞ্জাবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেরদাউসের অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক নারীর সঙ্গে একটি কক্ষে ফেরদাউসুর রহমানকে দেখা যায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে এক নারীর সঙ্গে অবস্থান করছেন মাওলানা ফেরদাউসুর রহমান। ভিডিওটি ধারণ করছিলেন ওই নারী নিজেই। এ সময় তাকে বিছানায় বসে থাকতে দেখা যায়। একপর্যায়ে তিনি উঠে নিজের লুঙ্গি ঠিক করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওর বিষয়ে ফেরদাউসুর রহমান তখন জানান, এ সম্পর্কে তার কিছু জানা নেই। পরে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি।
অন্যদিকে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, দলের কোনো নেতা শাস্তিমূলক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর মঙ্গলবার জামতলায় হামলার শিকার হওয়ার অভিযোগ করেন ফেরদাউসুর রহমান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে তিনি হিরা কমিউনিটি সেন্টারের সামনে গেলে কয়েকজন ব্যক্তি তাকে এক পাশে ডেকে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে শামীম ওসমানের ছোট ভাই ও লুচ্চা বলে মারধর করা হয়।

