ফাইল ছবি
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া সরকারি পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে গুলিভর্তি পিস্তলটি উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত আড়াইটার দিকে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিনভর পৃথক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শহরের দেওভোগ এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সোমবার ভোরে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সরকারি পিস্তলটি ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। সোমবার সন্ধ্যায় প্রথমে বিশালকে গ্রেফতার করা হয় এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ ও হাসানকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

