সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার উপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় একজনকে গ্রেফতার ও চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শহরের দেওভোগ এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মো. মিশাল ওরফে বিশাল (৩০)। এঘটনায় বিশাল (৩০) দেওভোগ এলাকার জামিলের ছেলে জিয়াম ওরফে রাফি (৩৪), ডাকু জুয়েল (২৬) ও আরহামকে (৩২) আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, সোমবার ভোর ছয়টার দিকে নগর ভবনের সামনে ডিউটিরত অবস্থায় সদর থানার এসআই এসএম লুৎফর রহমানের উপর হামলা চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়। দিনভর পৃথক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত এক আসামীকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রাত আড়াইটার দিকে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকার রেলী আবাসিক এলাকার মোঃ শরিফ উদ্দিনের বাড়ির সামনে সিমেন্টের বস্তায় পরিত্যক্ত অবস্থায় রঙিন কাপড়ে মোড়ানো অবস্থায় পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। সোমবার সন্ধ্যায় প্রথমে বিশালকে গ্রেফতার করা হয়। এঘটনায় চারজন আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে আসামি মিশালের নামে একটি ধর্ষণ মামলা রয়েছে।

